শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, কুষ্টিয়া আদালত চত্বরে পুলিশের উপস্থিতি সত্ত্বেও একটি গাড়ির ওপর চারিদিক থেকে হামলা করা হয়েছে। যে বাদী এবং যারা সন্ত্রাসী, তারা বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করলেও প্রশাসন কোন ভূমিকা পালন করেনি। সুতরাং এই হামলা তাদের আগে থেকেই পরিকল্পিত।
জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বুধবার ‘মাহমুদুর রহমানের ওপর নগ্ন হামলার প্রতিবাদ’ শীর্ষক এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মাহমুদুর রহমানের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচার করা হবে- সরকারের এমন বক্তব্যের সমালোচনা করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, সরকার লোক দেখানো ও কথা বলার জন্য এ কথা বলছেন। সরকারের এই খেলা নতুন নয়। তারা প্রতিটি ঘটনা সংঘটিত করে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া জন্য ব্লেইম গেম করছে।
মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এটা শুধু তার ওপরে আক্রমণ নয়। বাংলাদেশে যত সংবাদপত্র আছে, সেসকল সংবাদপত্রের সম্পাদকদের ওপরে এই আক্রমণ। এই আক্রমণ দেশের গণতন্ত্র ও যারা জাতীয়তাবাদী দেশপ্রেমিক ও ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী ৯০ ভাগ মানুষের ওপরে আক্রমণ। এই আক্রমণ স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ও মানবাধিকারের বিরুদ্ধে। সংবাদপত্রকে নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য এ আক্রমণ।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী। এতে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন, শামীমুর রহমান শামীম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিয়া গোলাম পারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।