শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক, মানিকগঞ্জ॥
স্ত্রী নির্যাতনের মামলায় আপোষের শর্ত পূরণ না করায় সেনা সদস্য মো. সালমান হোসেনের জামিন বাতিল করে তাঁকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) মানিকগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ৩-এর জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, সাটুরিয়া থানার সি. আর. ১০৬/২৬ নম্বর মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ১১(গ)/৩০ ধারায় অভিযুক্ত আসামি মোঃ সালমান হোসেনকে গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে বাদীনির সাথে আপোষের শর্তে অস্থায়ী জামিন দেওয়া হয়। কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর আসামি শর্ত অনুযায়ী বাদী অন্তরা আক্তার রিয়ার সাথে কোনো আপোষ করেননি কিংবা আপোষের কোনো ইতিবাচক অগ্রগতি প্রদর্শন করেননি।

মামলার নথিপত্র ও তদন্ত প্রতিবেদনে আসামির বিরুদ্ধে ওই আইনের ১১(গ) ধারায় সুনির্দিষ্ট অপরাধের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত সার্বিক বিষয় বিবেচনা করে ১ নং আসামি মোঃ সালমান হোসেনের জামিন বাতিল করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই আদেশে উক্ত মামলার অপর দুই সহ-আসামি ২ নং আসামি সালমা খানম ও ৩ নং আসামি দেলোয়ার হোসেনের জামিন বাতিল আবেদন নামঞ্জুর করে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তাঁদের জামিন বর্ধিত রাখা হয়েছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত থাকায় নথিপত্র বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জে. এম. শাখায় প্রেরণের আদেশ দেওয়া হয়।