শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

‘মাদকের ক্ষমতাধর গডফাদাররা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে’-রিজভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সরকার মাদকের গডফাদারদের পালিয়ে যেতে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মাদকের সঙ্গে সংশ্নিষ্ট নীচের দিকের কিছু মানুষসহ অজ্ঞাতপরিচয় অনেকের বিরুদ্ধে হত্যা অভিযান চালানো হলেও ক্ষমতাধর গডফাদাররা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। তারা সরকারের কারণে রেহাই পাচ্ছেন। এমনকি মাদকের গডফাদার হিসেবে পরিচিত ক্ষমতাসীন দলের এমপি বদিসহ প্রভাবশালী ব্যক্তিরা গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এটা কিভাবে সম্ভব হয়েছে জনগণ তা জানতে চায়।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, নিহত মানুষদের নিয়ে তার কী নির্দয় ঠাট্টা, কী রসিকতা! মানুষের জীবন নিয়ে ভুল! ওবায়দুল কাদেরের এমন বক্তব্য বেআইনি হত্যাকে স্বীকৃতি দেয়।

বন্দুকযুদ্ধে টেকনাফের পৌর কাউন্সিল একরামুল হক নিহত হওয়ার প্রসঙ্গে শনিবার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছিলেন, এই ধরনের অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে।

রিজভী বলেন, একরাম হত্যার অডিও শুনে, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুধু বাংলাদেশের মানুষের বিবেক নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। বিচার বহির্ভূত হত্যার বেশির ভাগই তরুণ যুবক। এই মাদকবিরোধী অভিযানের আড়ালে চলছে রাজনৈতিক হত্যাকাণ্ড।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, খালেদা জিয়ার জামিন আটকে রাখার বিষয়টি একজনের প্রতিহিংসার প্রতিফলন। সরকারের প্রতি আহ্বান জানাই, দেশনেত্রীর জামিন নিয়ে কানামাছি খেলবেন না। খালেদা জিয়ার ওপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে, তার জবাব দিতে জনগণ প্রস্তত হয়ে আছে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com