শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

ভোটের পরিবেশ নষ্ট করছে সরকার: ফখরুল

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে সরকার নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, দুর্ভাগ্যজনক ভাবে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের পরিস্থিতি করে সরকার নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা এ ধরনের পরিস্থিতি না ঘটানোর আহ্বান জানাই।

এর আগে দুপুরে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও প্যালেট বুলেট (ছররা গুলির মতো) ছোড়ে।

এ ঘটনার পরই আওয়ামী লীগ ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ওবায়দুল কাদের এ সংঘর্ষের জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে দায়ী করেন। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com