শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ভোটারবিহীন সরকারের কাছে জানমালের নিরাপত্তা নেই: বিএনপি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গত রোববার রাজধানীর কুর্মিটোলায় উড়াল সেতুর ঢালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রীর পদত্যাগসহ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়- ভোটারবিহীন সরকার আইনের শাসনের শত্রু, ফলে বেআইনি সরকারের উচ্চাভিলাষের কাছে দেশবাসীর জানমাল ও নিরাপত্তার কোনো মূল্য নেই।

বিবৃতিতে বলা হয়, জবাবদিহিতা থাকে না বলেই গণবিচ্ছিন্ন সরকার গণশত্রুতে পরিণত হয়েছে। পরিবহন সেক্টরের দাপুটে নেতা সরকারের নৌপরিবহন মন্ত্রীর প্রত্যক্ষ মদদের কিছু যানবাহন চালক বেপরোয়া আচরণ করে আসছে। ফলে বছরের পর বছর ধরে সড়ক-মহাসড়কে অনেক জীবন হারিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিমানবন্দর মহাসড়কের ধারে দু’টি নিষ্পাপ কিশোর-কিশোরীর বাসচাপায় প্রাণ ঝরে গেল। এত বড় হৃদয়বিদারক ঘটনার পরও নৌমন্ত্রীর হাসি মুখে কথা বলার ভঙ্গি দেশবাসীসহ কোমলমতি শিক্ষার্থীদের আরো ক্ষুব্ধ ও বেদনার্ত করেছে।

বিএনপির দাবি- কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের জালিমশাহীর হিংস্র আঁচড়ে জর্জরিত করা হচ্ছে। পুলিশি ক্ষমতার যথেচ্ছ ব্যবহারে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ক্ষতবিক্ষত করা হয়েছে। তাদের প্রতি সরকারি হিংস্রতা এতটাই নৃশংস যে, কোটা আন্দোলনের একজন ছাত্রনেতার লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেছে। কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কর্তৃক কোটা বিলুপ্তির ঘোষণা দেয়ার পরও সেটি বাস্তবায়ন না করে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। কেবল একটি বেআইনি, বিনাভোটের সরকারই জনগণের সাথে এ ধরনের তামাশা করতে পারে।

বিএনপির বিবৃতিতে বলা হয়- নিহত দুই শিক্ষার্থীর এই মর্মস্পর্শী, অবিশ্বাস্য ও জীবনপ্রবাহ রুদ্ধ হওয়ার ঘটনার অভিঘাতে ন্যায়বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গত মঙ্গলবার রাজধানীর রাজপথে উত্তাল ঢেউয়ের মতো নেমে এসেছিল শোকে স্তব্ধ শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু হানাদার আইনশৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিষ্পাপ শিশু-কিশোরদের আন্দোলনে।

নিহত মিমের পরিবারকে সান্ত্বনা : এ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বাসচাপায় নিহত কলেজ ছাত্রী দিয়া খানম মিমের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম ও শামসুজ্জামান সুরুজ প্রমুখ নেতৃবৃন্দ মিমের মহাখালীর বাসায় গিয়ে তার বাবা ও মাকে সান্ত্বনা দেন। পাশাপাশি মরহুম মিমের রূহের মাগফিরাত কামনা করেন। এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন বলে নেতৃবৃন্দ জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com