বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ভালুকায় বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় কৃষি জমিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার খারোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খারোয়ালি গ্রামের মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬০) এবং তার চাচাতো ভাই আবদুল আজিজের ছেলে শাহাব উদ্দিন আকন্দ (৬৫)।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাঁদের মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। তবে সময় মতো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

দুর্ঘটনার বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসির উদ্দীন জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখতে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলীউল হাসানের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও স্তব্ধতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com