শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বুধবারের মধ্যে প্রার্থী ঘোষণা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক::

মনোনয়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিনদিনের মধ্যে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। বাকি কিছু আসনের প্রার্থী ৯ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।’

আজ রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপি মহাসচিব।

আজ সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপরই বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হলো।

বিএনপি মহাসচিব বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচনে বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে। কিন্তু এখনও তাদের (সরকার) নির্দেশেই ধরপাকড় চলছে। নির্বাচন কমিশন এখনো নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা সরকারের কর্মকান্ডে এতোটুকুও প্রতীয়মান হয়নি যে, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তাদের উৎসাহ আছে। এখনো গ্রেপ্তার চলছে, মামলা চলছে, হয়রানি চলছে।’

‘আমরা নির্বাচনের প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। কারণ নির্বাচনে অংশ নিতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমাদের বিজয় সুনিশ্চিত।’

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে আমি কোর্ট থেকে এলাম। আমাদের সিনিয়র নেতাদের পর্যন্ত আটকে রাখা হয়েছে। তারা জেলে আছে। তারপরও আমরা নির্বাচনের কাজগুলো সমাপ্ত করার চেষ্টা করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আসন বিন্যাস নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের মধ্যে আলোচনা হয়েছে। শিগগরিই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। চারদিন ধরে আমাদের (বিএনপি) প্রার্থীদের সাক্ষাৎকার নিয়েছি। ঐক্যফ্রন্টের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ২০ দলের প্রার্থীদের সাক্ষাৎকার শেষ হয়েছে। এখন এগুলো চূড়ান্ত করার জন্য সবার সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমতে পৌঁছবো বলে আশা করছি।’

অন্য এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘মনোনয়নপত্র আগামী ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তার আগেই কিছু প্রার্থী চূড়ান্ত করবো। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে বাকিটা চূড়ান্ত করবো। এর মধ্যেও না হলে পরেও আমরা চূড়ান্ত করতে পারবো।’

প্রত্যেকটি দল ও জোটের দাবির পরও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন কিছু করেনি দাবি করে ফখরুল বলেন, ‘আমরা যে গায়েবি মামলার তালিকা দিলাম সে সম্পর্কে এখনো তারা কিছু করতে পারেনি। অন্যদিকে যেসব কর্মকর্তাকে বদলি বা সরিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তাদের বিষয়েও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- কাউকে সরানো হবে না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com