মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম 

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:: আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৮৯ ডলারে উঠেছে।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য হামলা স্থগিতের কথা জানানোর পর তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে গিয়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮১ দশমিক ১১ ডলারে পৌঁছেছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাই তেলের বাজারে সবচেয়ে বড় প্রভাব ফেলছে। উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসের বড় অংশ এই জলপথ দিয়ে বিশ্ববাজারে যায়।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তিনি নতুন হামলা থেকে বিরত থাকছেন। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হচ্ছে না। ফলে দুই দেশের মধ্যে সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি নিয়ে বিরোধের সমাধান না হলে জ্বালানি সরবরাহ ঝুঁকির মধ্যে থাকবে। এতে তেলের দামে আবারও বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।

এদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ রয়েছে। মঙ্গলবার ওমানের আল খাসাব উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর আঘাতের শিকার হওয়ার কথা জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

সূত্র: রয়টার্স, শাফাক নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com