শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: নির্বাচন কমিশন নিজেরাই বিভক্ত হয়ে পড়েছেন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশনে যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট আজ রাষ্ট্রের। তাই বিভক্ত নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শনিবার(২০ অক্টোবর) ঢাকা রিপোর্টাস ইউনিটির স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও ফরমায়েশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর শীর্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জোর করে একটা দলকে ক্ষমতায় বসাতে, সকল প্রকার আইনকানুন করে ২০১৪ সালের আরেকটা নির্বাচন করতে যাচ্ছে সরকার। নির্বাচন কমিশনে নিজস্ব কোন ক্ষমতা নেই। তাদের পুরোটায় নির্ভর করতে হয় সরকারের কর্মকর্তা এবং সরকারের উপরে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সচিবের কথায় মনে হয়, তিনি প্রধান নির্বাচন কমিশন, আর প্রধান নির্বাচন কমিশনের কথা শুনে মনে হয়, সব চেয়ে অসহায় ব্যাক্তি। তিনি কিছুটা এরশাদ সাহেবের মতো সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন।
সাবেক এই মন্ত্রী বলেন, এদেশের মানুষকে বোকা ভাববেন না। সব সময় নীরব ভাববেন না। কারণ এ দেশের মানুষ বারবার নিজেদের প্রয়োজনে রাস্তায় নেমে এসেছে। আবারো রাস্তায় নামবে।
সাবেক এ মন্ত্রী বলেন, আমরা বলেছি আমরা একটা পরিবর্তন চাই। তাই বলছি দয়া করে সিধা রাস্তায় আসুন, দেশনেত্রীকে মুক্তি দিন, তার সাথে আলাপ করুন, বিরোধী দলের সাথে আলাপ করুন এবং দেশে একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে তার পথ বের করুন। এছাড়া অন্য কোন পথ নেই।বিকল্প নেই।
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ২৩ তারিখ একটা সমাবেশ করতে যাচ্ছিল, সরকার বলছে নাশকতা হবে দেওয়া যাবে না। অথচ চরমোনাই পীর সাহেবকে অনুমতি দেওয়া হয়েছে। এরশাদ সাহেবকে সরকারি টাকায় ঢাকা অচল করে সমাবেশ করতে দেওয়া হচ্ছে।
বিএনপির এ মুখপাত্র বলেন, নির্বাচনের একজন সদস্য স্পষ্টভাবে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমি যে প্রস্তাব দিয়েছিলাম সে প্রস্তাব গুলো বিবেচনা করা হচ্ছে না। অন্যজন বলছে কনফিউশনের কথা বলছেন এই নির্বাচন কমিশনার।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন একটায় থাকতে হবে, তাদের যা কিছু বক্তব্য থাকুক না কেন এক হতে হবে। সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।
খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে তিনি বলেন, যে কারাগার থেকে তাকে হাস্পাতালে নেওয়া হয়েছে। সেখানেও সুচিকিৎসার জন্য সেখানেও নুন্যতম চিকিৎসা তিনি পাচ্ছেন না।
ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, ড.ফরিদুর রহমান ফরহাদ প্রমুখ। সঞ্চালক, বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান সাধারণ সম্পাদক জাগপা।