শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসর শুরু হবে আগামীবছর ২০ জানুয়ারি। এক মাসের এ লীগে এবার ৬টি দল অংশ নেবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে লীগ শেষ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজনে আয়োজিত হবে এবারের বিপিএলও। করোনাভাইরাসের জন্য গত মৌসুমে বিপিএল আয়োজন করা যায়নি। সবশেষ গতবছর জানুয়ারিতে হয়েছে বিপিএল।
৭ম আসরের পর অষ্টম আসর হতে এক বছর বিরতি পড়েছে। যদিও ৫ দল নিয়ে নবেম্বরে হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। তবে বিপিএল হয়নি। এবার আবার বিপিএল আয়োজন করা হবে। এ নিয়ে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি।
২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের সূচি রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’ এ আসরে ৬ ফ্র্যাঞ্চাইজিকে নেওয়া হবে। নতুন করে দীর্ঘ মেয়াদে চুক্তি করা হবে। এজন্য বিসিবির অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।
৫ ডিসেম্বর পর্যন্ত দল জমা নেওয়া হবে। গতবছর ডিসেম্বর-জানুয়ারিতে যে সপ্তম বিপিএল আয়োজন করা হয়েছিল, সেটিও ফ্র্যাঞ্চাইজি নির্ভর ছিল না। বিসিবিই আয়োজন করেছিল। এবার আবার ফ্র্যাঞ্চাইজি লীগের পথেই যাচ্ছে বিসিবি।