শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিএসএমএমইউ হাসপাতালে গেলেন না খালেদা জিয়া

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে না।

আইনশৃঙ্খলা বাহিনীর এক সূত্র মঙ্গলবার (১২ জুন) সকাল সোয়া ১০টায় এ কথা জানান।

গত রোববার ও সোমবার খালেদা জিয়াকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া রাজি না হওয়ায় ওই দুইদিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়নি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১২ জুন) বেলা ১১ টায় তাকে হাসপাতালে নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে।

সোমবার (১১ জুন) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, খালেদা জিয়া যদি রাজি থাকেন তাহলে মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে।

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেওয়া হয়। কেন্দ্রীয় কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুন সকালে জানান, খালেদা জিয়াকে সকাল ১১টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হবে।

গত শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘কারাগারে খালেদা জিয়া ভালো নেই। তিনি গত ৫ জুন কারাগারে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েছিলেন।’

শুক্রবার সংবাদ সম্মেলনের পরদিন বিকেল ৩টায় খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে খালেদার চিকিৎসকরা ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন বলে তাদের ধারণা। এটি খালেদা জিয়ার গুরুতর স্বাস্থ্যঝুঁকির সংকেত। এ সময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করানোর সুপারিশও করেন ব্যক্তিগত চিকিৎসকরা।

এর পরিপ্রেক্ষিতে রোববার আইনমন্ত্রী আনিসুল হক জানান খালেদা জিয়াকে আজই হাসপাতালে নেওয়া হবে। কিন্তু ওইদিন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়নি। পরদিন সোমবার (১১ জুন) খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তিনি রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া যায়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১০ জুন সারাদেশে প্রতিবাদ কর্মসূচিও দেয় বিএনপি। সারাবাংলা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com