শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বিএনপি নেতা আমির খসরু কারাগারে

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত।

রোববার (২১ অক্টোবর) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত আইসিটি মামলায় শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারগারে প্রেরণের নির্দেশ দেন।

কোতোয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় ৭ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ওইদিন আদালতে আত্মসমর্পণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী ফের জামিনের আবেদন করেন। আদালত শুনানির ২১ অক্টোবর দিন ধার্য করেন। এ সময় আদালত ২১ অক্টোবর পর্যন্ত তার নেওয়া হাইকোর্টের জামিন কার্যকর থাকবে বলে আদেশ দেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফঁস হয়ে যায়। ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ অগাস্ট তথ্য প্রযুক্তি আইনে আমীর খসরুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলা করেন।

পুলিশ জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/ ৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় এ মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com