শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে-কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই মানে না। বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে। তবে ২০১৪ সালের মতো যদি তারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে জনগণ তা প্রতিহত করবে।

আজ রবিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

একাদশ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নিয়ে কোনো সংলাপ হবে না। নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।

নোয়াখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অবরুদ্ধ হয়ে আছেন, এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা (সাংবাদিক) আপনাদের প্রতিনিধি পাঠিয়ে দেখে আসুন। মওদুদ আহমদের বাড়ির সামনে আওয়ামী লীগ কিংবা পুলিশের কোনো সদস্য নেই। তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি।

‘গত ২২ বছর ধরে ঈদের আগে তিনি কখনও বাড়িতে (নোয়াখালীর কোম্পানীগঞ্জ) যান না। এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। এখন মওদুদ সাহেব অবরোধের নাটক করছেন। একে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।’

ঈদযাত্রার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সড়কের অবস্থা ভালো। পশুবাহী গাড়ির কারণে রাস্তায় যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে। ফেরি পারাপারেও পশুবাহী গাড়িকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এসব কারণে একটু সময় লাগছে।

‘তবে আমি নৌমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যাতে পশুবাহী গাড়ির চেয়ে যাত্রীবাহী গাড়িগুলোকে প্রাধান্য দেওয়া হয়,’ যোগ করেন কাদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com