শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

বিএনপি একটি ছদ্মবেশী-বিধ্বংসী রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পারে না, এমন কোনও কাজ নেই। বিএনপি একটি ছদ্মবেশী-বিধ্বংসী রাজনৈতিক দল। এই দলটি নিরাপদ সড়ক আন্দোলনের সময় হাজার হাজার ভুয়া ছাত্র বানিয়ে তাদের স্কুলব্যাগের ভেতরে ছোরা, আগ্নেয়াস্ত্র ও পাথর নিয়ে ধ্বংসাত্মক কর্মকান্ড করেছে। যা ভুয়া ছাত্রদের কাজ, প্রকৃত ছাত্রদের কাজ নয়।

বৃহস্পতিবার সচিবালয়ে বহুমুখী সমবায় চত্বরে ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদ’-এর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, বিএনপিকে ছাড়া কোনও ইলেকশন হবে না। আমরা কী কোথাও বলেছি, বিএনপি ছাড়া ইলেকশান হবে? তারা সংলাপ চান, গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সংলাপের জন্য ডেকেছিলেন। তারা সেই আহ্বানে সাড়া দেননি। কাজেই সংলাপের আহ্বান তাদের ছলনা। তারা সংলাপ নয়, সংঘাত চান। শেখ হাসিনা এখনও দেশের নিরীহ জনগণের অভিভাবক। সে কারণেই তার আহ্বানে ছাত্ররা ঘরে ফিরে গেছে। আল্লাহর অশেষ রহমত, আপাতত শান্তি ফিরেছে, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি।

আলোচনা সভায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এই সভায় যারা থাকবেন না তাদের চাকরি চলে যাবে এই ভয়ে যারা এখানে আছেন, তারা চলে যেতে পারেন। আমি কথা দিচ্ছি, কোনও ক্ষতি হবে না, কারও চাকরি চলে যাবে না। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, তারাই বসুন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ড. জাফর আহমদ খান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক (দুলাল) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com