শনিবার, ২০ Jun ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ফের ৯ দিনের রিমান্ডে গোল্ডেন মনির 

নিজস্ব প্রতিবেদক::

তিন মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ৯ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় তিন দিন করে ৬ দিন এবং মাদক মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলার রিমান্ড এক সঙ্গে চলবে। অন্য মামলায় ৩ দিনের পুলিশের রিমান্ড শুনানি শেষ করতে হবে।

এদিন ১৮ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় ১০ দিন করে ২০ দিন এবং মাদক মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আসামির ২৫ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামিপক্ষে সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন। গত ২২ নভেম্বর গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২০ নভেম্বর গভীর রাতে মনিরের বাড্ডার বনশ্রীর বাড়ি ঘিরে রাখে র‌্যাব। পরে ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গয়না, বিদেশি পিসস্তল, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি নয় লাখ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। তবে প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছেন মনির। জব্দ করা হয়েছে ২টি বিলাসবহুল গাড়ি। যার প্রতিটির মূল্য ৩ কোটি টাকা। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায় র‌্যাব বাদী হয়ে তিনটি মামলা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com