শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ফিফার নিষেধাজ্ঞার মুখে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে পড়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এক চিঠিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের বলেছে, যদি কোনও ধরনের হস্তক্ষেপে দেশটির ফুটবল সংস্থা জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথে হাঁটে তাহলে জাতীয় দল তো বটেই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ব্রাজিলের ক্লাবগুলোও।

মূলত ফিফার পাঠানো ওই চিঠি প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। সেখানেই ফিফা বলেছে, সিবিএফ নিষেধাজ্ঞার মুখে পড়বে যদি তারা অপেক্ষা করার আহ্ববানে সাড়া না দিয়ে রদ্রিগেসকে সরাতে দ্রুত নির্বাচনের আয়োজন করে।

ঘটনাটা সিবিএফের প্রেসিডেন্ট রদ্রিগেসকে নিয়ে। গত বছর নির্বাচনে জয়ী হয়ে দেশটির ফুটবল প্রধান হন তিনি। কিন্তু অনিয়মের অভিযোগে রিও ডি জেনেইরোর একটি আদালত রদ্রিগেসসহ তার অধীনে নিয়োগ পাওয়াদের সরিয়ে দেওয়ার রায় ঘোষণা করে। গত সপ্তাহে ব্রাজিলের দুই সর্বোচ্চ আদালতও এই রায় বহাল রাখে।

আদালতের রায়ে তার পর হোসে পেরদিসকে হস্তক্ষেপকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যিনি ব্রাজিলের শীর্ষ ক্রীড়া আদালতের প্রধান। তার অধীনে ৩০ কার্যদিবসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে। এই ঘটনায় ফিফা পূর্বের এক চিঠিতে বলেছিল, এই হস্তক্ষেপ পুরোপুরি অযৌক্তিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com