শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ফজরের পরই ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক::

ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন কারাবান্দী বেগম খালেদা জিয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী দুঃশাসন বিরোধী বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, রোববার আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের। দেশকে মুক্ত করার। সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাবেন। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ। ফলাফল না নিয়ে আপনারা ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। আপনারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন। আজ বিকেল থেকেই পালাক্রমে ভোটকেন্দ্র পাহারা দিবেন। ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি।

খালেদা জিয়ার উদ্বৃতি দিয়ে রিজভী আরো বলেন, ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন। ভোট দিয়ে কেন্দ্রের আশপাশে থাকবেন। আপনারা শুধু সাধারণ ভোটারই নন, ভোটারদের অতন্দ্র প্রহরী। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেলো তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।

আওয়ামী লীগ সরকারের দশ বছরের দুঃশাসনে জনগণ অতীষ্ঠ মন্তব্য করে রিজভী বলেন, রাত পোহালেই নির্বাচন। অঙ্গীকার, প্রতিশ্রুতি বরখেলাপ করে জনগণের সাথে প্রতিমুহূর্তে বিশ্বাসঘাতকতা করে ক্ষমতাসীনরা জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে আছে। এজন্য তাদের সামনের বাধাগুলো সরিয়ে দিতে দ্বিধা করেনি। প্রথমে তারা সবচেয়ে বড় বাধা মনে করেছে ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তাকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। এখন নানাভাবে জুলুম করা হচ্ছে। আমরা তখনই বলেছিলাম-নির্দোষ বেগম জিয়াকে কারান্তরীণ করা ছিল একতরফা নির্বাচনের পূর্বাভাস। বেগম জিয়ার বিপুল জনপ্রিয়তাকেই ভয় পেয়েছে আওয়ামী শাসকগোষ্ঠী। সেই জন্যই নির্বাচনী মাঠে মোকাবিলা করার সাহস না পেয়ে তাকে বন্দী করা হয়েছে। বন্দী করার পর তিনি জনগণের কাছে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সমাদৃত হচ্ছেন। আর এতেই সরকার আরো হিংস্র হয়ে উঠে বিএনপি নেতাকর্মীদের ওপর চালাচ্ছে ভয়ঙ্কর নিষ্ঠুরতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com