শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্ট ও গণফোরাম নেতাদের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন, তা শোভন হয়নি। তিনি বলেছেন, এসব মন্তব্যের জবাব দেওয়া গেলেও এই মুহূর্তে তার প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বি. চৌধুরী মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।
বিকল্পধারা প্রেসিডেন্ট বলেন, যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য সম্পর্কে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইতিবাচক মন্তব্য করায় তাকে অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রীর ইতিবাচক বক্তব্যটুকু কথার কথা হিসেবে না দেখে কার্যক্ষেত্রে প্রমাণ করার প্রচেষ্টা হিসেবে দেখতে চাই।
বদরুদ্দোজা চৌধুরী একাদশ জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন গঠন এবং সংসদ অন্তত দুই মাস আগে ভেঙে দেওয়া, সভা-সমাবেশ, মিছিল, প্রচারণায় বাধা না দেওয়া এবং রাজবন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তারা আশা করেন, সব গণতান্ত্রিক শক্তির মধ্যে বৃহত্তর একতা সৃষ্টির লক্ষ্যে তাদের প্রচেষ্টাকে ঠেকানোর চেষ্টা করা হবে না।
যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ বিবৃতিতে সরকারি আদেশে নিষিদ্ধ টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র মুক্ত করে সব সংবাদপত্র ও টিভি চ্যানেলকে গণতান্ত্রিক আবহে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার নিশ্চয়তা চান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে নির্বাচনের আগে ৩০ দিন এবং নির্বাচনের পর ১০ দিন মোট ৪০ দিন সামরিক বাহিনীকে নির্বাহী ক্ষমতাসহ শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিতে হবে।