শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তৈরি পোশাক খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। সেই প্রণোদনার টাকা পোশাক শ্রমিকদের কাছে পৌঁছাতে শুরু করেছে। পোশাক খাতের শ্রমিকদের এপ্রিল মাসের বেতন হিসেবে প্রণোদনার টাকা ব্যাংকে জমা হতে শুরু করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এম সিরাজুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘বাণিজ্যিক ব্যাংকের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক প্রণোদনা প্যকেজের অর্থ ছাড় করেছে। আমরা প্রথম ধাপে দুই হাজার কোটি টাকা ছাড় করেছি।’ ব্যাংকগুলোর চাহিদা মোতাবেক এটি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর আবেদনের প্রেক্ষিতে বেশ কিছুদিন আগে থেকেই সহজ শর্তের এই ঋণ ব্যাংকগুলো বিতরণ শুরু করেছে বলেও জানা যায়।
বিজিএমইএ’র সহ-সভাপতি ফয়সাল সামাদ বলেন, ‘ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পেয়ে গেছেন। বাকি কারখানাগুলো খুব শিগগিরই বেতন পরিশোধ করবে।’ বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে বিজিএমইএর দুই হাজার ২৭৪ সদস্যের মধ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় এক হাজার ৬১৫টি প্রতিষ্ঠান ঋণের আবেদন করেছে বলে জানা গেছে। বিজিএমইএ সকল আবেদনকারীকেই ঋণ আবেদনের সনদ প্রদান করেছে।
অপরদিকে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দুই হাজার ৬১৪ সদস্যের মধ্যে ৮৩৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। তারাও ব্যাংকের কাছে ঋণ আবেদনের সনদ পেয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, তহবিলের জন্য আবেদন করতে প্রায় এক হাজার পোশাক কারখানার সক্ষমতা নেই।