শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ কর্মকর্তারা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ড. কামাল আজ বুধবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে নিজেই এ কথা জানিয়ে সাংবাদিকদের বলেছেন, পুলিশ আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রয়োজন অনুযায়ী আমাকে তারা নিরাপত্তা দিতে চায়।
ঐক্যফন্টের শীর্ষ এ নেতা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, তারা আমার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। যারা এসেছিল তারা বলেছেন, যদি আমার নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে যেন তাদের জানাই। এ ছাড়া আর কিছু বলেন নাই। ডিএমপি কমিশনার সাহেবের আসার কথা ছিল, উনি আসতে পারেননি বলে আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একটি কাজে আটকে যাওয়ার কারণে উনি আসতে পারেননি।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন নির্বাচনের পরিস্থিতি, আমাদের প্রার্থী এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। ধরপাকড় অস্বাভাবিক পর্যায়ে চলে যাচ্ছে। এমন চিত্র এর আগে কোনোদিন দেখিনি, শুনিওনি। আমরা সবসময় বলি, দাবি করি এবং সংবিধানেও আছে যে, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার কথা। এটা নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। আমরা সব সময় তাদের এটা স্মরণ করিয়ে দেব। কিন্তু সরকারের কার্যকলাপ দেখে আমরা তাদের ওপর ভরসা পাচ্ছি না।
সাংবাদিকদের একজন তাকে প্রশ্ন করেন, বিভিন্ন মিডিয়ায় এসেছে আপনি পুলিশকে ‘জানোয়ার’ বলেছেন, এ কথাটি সত্য কি না।
জবাবে ড. কামাল বলেন, ওই অর্থে তো বলি নাই, পুলিশ মানুষের মতো করে ভূমিকা রাখবে এটা আমরা সবাই আশা করি। ইনফ্যাক্ট আমি যখন সংবিধান লিখি তখন পুলিশকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ ছাড়া একটা সাংবিধানিক শাসন কখনও চলতে পারে না।
নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, সেটা পরিস্থিতি বুঝে উত্তর দেওয়া যাবে। হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর এখন দিতে পারব না।