মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
পাকিস্তানকে হারিয়ে উল্লাস টাইগারদের। ছবি: সংগৃহীত স্পোর্টস রিপোর্টার:: মিরপুর টেস্টে আগুনঝরা বোলিংয়ে পেসার নাহিদ রানা ও স্পিনার তাইজুল ইসলাম-এর দাপটে সফরকারীদের ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পাওয়ার পর দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এবার মিরপুরেও সেই ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। এরপর আরেক ওপেনার আজান আওয়াইস ১৫ রান ও অধিনায়ক শান মাসুদ ২ রান করে ফিরলে ৬৮ রানেই তিন উইকেট হারায় সফরকারীরা।
চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা ৫১ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দেন। ফজল ৬৬ রান করে এলবিডব্লিউ হন তাইজুলের বলে। পরের ওভারেই সালমানকে ফেরান তাসকিন। তিনি করেন ২৬ রান।
পরে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেই আশা ভেঙে দেন নাহিদ রানা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন তরুণ এই পেসার। দুজনই করেন ১৫ রান।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। শেষদিকে হাসান আলিকে এলবিডব্লিউ করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল।
এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক শান্ত করেন ৮৭ রান। এ ছাড়া মুমিনুল হক ৫৬, মুশফিকুর রহিম ২২, লিটন দাস ১১ ও মেহেদী হাসান মিরাজ ২৪ রান করেন। ৪ রানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।
পাকিস্তানের হয়ে হাসান আলি ও নোমান আলি দুটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান করেছিল ৩৮৬ রান। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন শান্ত। ফিফটি পান মুমিনুল ও মুশফিক। পাকিস্তানের পক্ষে সেঞ্চুরি করেছিলেন আজান আওয়াইস।