বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

পাঁচ বিভাগে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের পাঁচ বিভাগে তারুণ্যের রোডমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভোটাধিকার বঞ্চিত তরুণ ভোটারদের সরকার পতনের এক দফার আন্দোলনে সম্পৃক্ত করতেই নতুন কর্মসূচি দিচ্ছে সংগঠনগুলো। ইতিমধ্যে এই রোডমার্চের একটি খসড়া তৈরি করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

খসড়া অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর দশ মাইল হয়ে দিনাজপুর, ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার হয়ে সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ থেকে যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা থেকে ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ হবে।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com