শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নয়াপল্টনে তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেসারুল হক।

এর আগে সকাল ১০টায় তরিকুল ইসলামের লাশবাহী গাড়ি নয়াপল্টন কার্যালয়ের সামনে আনা হয়।

জানাজায় বিএনপি, ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, ব্যারিস্টার আমিনুল হক, আহমেদ আযম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, আন্তর্জাতিক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

জানা গেছে, নয়াপল্টনে জানাজা শেষে তরিকুলের মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে তার মরদেহ যশোরে নিয়ে যাওয়া হবে। বাদ আছর যশোরের ঈদগাহ মাঠে জানাজা শেষে যশোর কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর অ্যাপোলো হাসাপাতালে মারা যান তরিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com