বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

নুরের বাসায় মধ্যরাতে অভিযান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি গ্রেফতার

একুশের কণ্ঠ অনলাইন:: গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, মধ্যরাতে তার বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নেওয়ারও অভিযোগ করেন নুর। পুলিশ ইয়ামিনকে গ্রেফতার দেখানোর কথা স্বীকার করেছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ২টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসায় এই অভিযান চালানো হয় বলে দাবি করেন নুর। এ সময় ফেসবুক থেকে কয়েকবার লাইভে যান তিনি।

লাইভে নুর বলেন, রাত ২টায় দরজা ভেঙে ডিবি পুলিশ আমার বাসায় নারকীয় তাণ্ডব চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে গ্রেফতার করে নিয়ে যায় তারা। মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে একজন এসেছিলেন বলেও জানান তিনি।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি অভিযোগ করেন, পুলিশ তার বাসার সিসি ক্যামেরার সরঞ্জাম ও মোবাইল ফোন নিয়ে গেছে।

এ বিষয়ে হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ তথ্য সঠিক নয়। অভিযান চালিয়ে এমন কাউকে তুলে আনা হয়নি।

মতিঝিল জোন ডিবির হেফাজতে ইয়ামিন মোল্লা

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে নিজেদের হেফাজতে রাখার কথা নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ। নুর তাকে নিজের বাসায় আশ্রয় দিয়েছিলেন বলে জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে গত ২১ জুলাই একটি ভাঙচুরের মামলা হয়েছে পল্টন থানায়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

নুর অভিযোগ করেছেন, তার বাসায় অভিযান চালিয়ে সিসিটিভির বিভিন্ন সরঞ্জাম পুলিশ নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে ডিসি রাজিব আল মাসুদ বলেন, নুর নিজ থেকে এসব বানিয়ে বলছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশ অভিযানের সময় এমন কিছুই করেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com