শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

নিশ্চিত পরাজয় জেনেই হতাশ বিএনপি: কাদের

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা হতাশাজনক বক্তব্য রাখছেন।’

আজ শনিবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ যাতে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও ভোটকেন্দ্র পাহারা দিবে।’ তিনি বলেন, ‘আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। যাতে জনগণ নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিশ্চিন্তে ভোট প্রদান করতে পারে।’

তিনি বলেন, ‘যখন কেউ লাঠি-সোটা নিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে আইনশৃঙ্খলা নষ্ট করতে চায়। তখন মানুষ কীভাবে নির্বাচন কেন্দ্রে যাবে। সেজন্য ভোট রক্ষায় আমাদেরও রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব রয়েছে। যাতে মানুষ নিরাপদে ভোট প্রদান করতে পারে। জনগণ যেন যাকে খুশি তাকে ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আমরাও সহযোগিতা করব। শতভাগ প্রতিফলন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা, এবার নির্বাচনের আগে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার প্রতিফলন নির্বাচনের দিন ভোট কেন্দ্রেও দেখা যাবে। লম্বা লাইন দেখা যাবে। বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি এবারের নির্বাচন হবে। অতীতে দেখা গেছে, কোনো কোনো ভোটকেন্দ্র ভোটার শূন্য ছিল। এবার যেসব দেখা যাবে না। এবার উৎসবমুখর নির্বাচন হবে। আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com