শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নির্বাচনের প্রক্রিয়া থেকে সরে আসার সুযোগ নেই: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচন প্রক্রিয়া দেশের সংবিধানের বিধান। আগামী জাতীয় নির্বাচনের আগে এ প্রক্রিয়া থেকে সরে আসার কোনো সুযোগ নেই। বিএনপির এ ধরনের দাবি মামার বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়।’

জাতীয় নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসলে আগামী নির্বাচনে অংশ নেবে বলে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে শনিবার সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে এক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি ‘গুজব সন্ত্রাস অপপ্রচার – রুখে দাড়াও বাংলাদেশ’ শীর্ষক এ তথ্য প্রদর্শনীর আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান প্রজম্মের ছেলে-মেয়েরা যে ভালো বোঝে তা আমাদেরও বুঝতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা তাই ঘরে ফিরে গেছে।’

তিনি বলেন, ‘যাদের কারণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারিনি শিক্ষার্থীরা তাদের টনক নাড়িয়ে দিয়েছে। ভিআইপিরা উল্টো পথে গাড়ি চালানো পরিহার করতে যেমন পারেনি তেমনি লাইসেন্স ছাড়া অনেক ভিআইপি ও কর্মকতাদের গাড়ি শিশুদের হাতে ধরা পড়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন তা যৌক্তিক আন্দোলন ছিল। আর সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ৯ দফার সব দাবি মেনে নিয়েছেন। তাদের আন্দোলনের সময় তাদের ওপর যাতে কোনো ধরনের বলপ্রয়োগ করা না হয় সে ব্যাপারেও কঠোর নির্দেশ দিয়েছিলেন তিনি।’

দেশের কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের মধ্যে যাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তারা তাদের রাজনীতি থেকে সরবে না। তারা তাদের রাজনীতি নিয়ে মাঠে নামে।

তিনি বলেন, ‘তারা (সাংবাদিক) কি ওয়ান-ইলেভেনের বিরাজনীতিকরণের এজেন্ডার সঙ্গে ছিলেন না? এখনও তাদের ভূমিকা একই রয়েছে। এখনও তারা বঙ্গবন্ধুর-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটাতে চায়। এ এজেন্ডা নিয়ে তারা আবারো মাঠে নেমেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্দোলনের মাঠে নেই, খবরের কাগজে আছে। এখন দেশে কোনো আন্দোলন নেই, গুজবে রয়েছে। নওশাবা নামে যে মেয়েটি ধর্ষণের গুজব ছড়িয়েছিল সে গুজব বেশ কয়েকটি কাগজে খবর হয়েছিল। কিন্তু সে গ্রেফতার হওয়ার পর সে যে গুজব ছড়িয়েছিল বলে জানিয়েছে, সে খবর কোনো কাগজে ছাপা হয়নি, যা কখনো কাম্য নয়।’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের সভাপতিত্বে তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাফরিন আহমেদ রুপন্তী ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী নামরাজ হোসেন শামীম।

আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পরিচালনায় তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com