শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ দখলের লড়াই শুরু

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সেপ্টেম্বরের মাঝামাঝি মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মাঠের বিরোধীদল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলও দাবি আদায়ে থাকবে রাজপথে। ফলে আবার উত্তপ্ত হতে পারে দেশের রাজনীতি।

নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে চলতি মাসের ১৮ তারিখ থেকে তফসিল ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শনিবার আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শনিবার জনসভায় বলেন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে মুক্তি দিতে হবে। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মির্জা ফখরুল বলেন, জাতীয় ঐক্য তৈরি হবে আমার বিশ্বাস। স্বৈরাচারকে আমরা পরাজিত করব।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণ যদি ভোট দেয়ার সুযোগ পায় তা হলে সরকারকে স্মরণীয় শিক্ষা দেবে জনগণ। আমার বিশ্বাস জনগণ খুবই সচেতন। তারা সুশাসন প্রতিষ্ঠার জন্য সব বিষয়ে সচেতন থাকবে। কড়া নজর রাখবে। জনগণের হাত থেকে কোনো স্বৈরাচার রেহাই পায়নি। শনিবার একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, মৌলিক বিষয় নিয়ে জাতীর ঐক্য গড়তে বিতর্ক হবে না। মাঠে নামতে হবে।

বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. একিউএম বদরদ্দোজা চৌধুরী বলেছেন, অতীতে কোন স্বৈরশাসকই বেশিদিন টেকেনি। ভবিষ্যতেও টিকবে না। শনিবার জাতীয় প্রেসক্লবে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বি চৌধুরী বলেন, স্বৈরাচার আইয়ুব খান টিকেছিলেন ১০ বছর, এরশাদ ৯ বছর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com