শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
সুযোগ পেলে নারীরা বাংলাদেশের ফুটবলে সাফল্য বয়ে আনতে পারে। তাদের স্বাধীনতা ও সমর্থনই বড় চ্যালেঞ্জ। ঢাকার নবাবগঞ্জের সিংহড়া শানাল মাতব্বর স্মৃতি গোল্ডকাপ নারী ফুটবলের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক এমপি এ কথা বলেন।
শুক্রবার বিকেলে চক সিংহড়া হযরত আলী স্পোটিং ক্লাবের আয়োজনে ঢাকা নারী দল ও মাগুরা নারী দল এ খেলায় অংশ নেয়। খেলার শেষার্ধে ঢাকা নারী দল ২-০ গোলে মাগুরাকে হারিয়ে গোল্ডকাপ জিতে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক বলেন, নারী ফুটবলের আয়োজনে দর্শক প্রিয়তা বাড়ছে। সারাদেশে এ ধরনের খেলার আয়োজন হলে তরুণ তরুণীরা মাদক ও মোবাইলের নেশা থেকে মুক্তি পাবে। এছাড়া নারীদের খেলার পরিবেশ তৈরী করতে হবে। একটি গোষ্ঠি ক্রীড়া জগত থেকে তাদের পিছিয়ে রাখতে সব সময় চেষ্টা করে। নারীও যে এ সমাজের অংশ এটা তারা মানতেই চান না। তিনি দোহার নবাবগঞ্জে তরুণ তরুনীদের খেলার মাঠের প্রতি আগ্রহ বাড়াতে সবার প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারোদেশে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষনা দিয়েছেন। যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।
ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম বলেন, নবাবগঞ্জের মানুষের কাছেও যে ফুটবল একটি জনপ্রিয় খেলা তা আজকের উপস্থিতি প্রমাণ করে। এ অঞ্চলে ফুটবলকে এগিয়ে নিতে ফেডারেশন সহায়তা করবে।
খেলায় উপচে পড়া ভীড়ে নারী পুরষসহ অসংখ্য দর্শক উপস্থিত হয়। কালিগঙ্গা নদীর পাড়ে মাঠ ছাপিয়ে আশপাশের বাড়িঘর ও গাছের উপর উঠে নারীদের এ খেলা দেখে সবাই। এসময় অতিথিরা বিজয়ী ও রানাসআপ দলকে পুরস্কার হাতে তুলে দেন।

ক্লাবের সভাপতি হযরত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, বিসিবির কাউন্সিলর আরশীন মাহমুদ খন্দকার, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন, মহসীন তুষার, রাসেল আহমদ, ইয়াসমিন আক্তার প্রমুখ।
এদিকে একইদিন দোহারের লটাখোলা জুনিয়র স্কুল মাঠে খাইরুল সাহাদ গোল্ডকাপ ফুটবলের চুড়ান্ত কেলা অনুষ্ঠিত হয়েছে।