শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

নানা কারণে চরম সংকটের মধ্যে রয়েছে দল: মির্জা ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামীকাল শনিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে মহাসচিবেরও উপলব্ধি, নানা কারণে চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দল। তবে প্রতিষ্ঠাকালীন জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসেছে বিএনপি, সমালোচকদের এমন বক্তব্য মানতে নারাজ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার যমুনা টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, নীতি ও আদর্শ থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়নি বিএনপি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরে ভিন্ন ভিন্ন দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন জিয়াউর রহমান। এই চার দশকে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি, মোকাবেলা করেছে বিভিন্ন ঝড়-ঝাপটা। কিন্তু এবারের সংকট বহুমাত্রিক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি নিঃসন্দেহে একটি বড় সংকটের মধ্যে রয়েছে। সংকটটি তৈরি করা হয়েছে। সারাদেশে প্রায় ৭৮ হাজার মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের। যাদের সংখ্যা প্রায় ১৫ লাখ। আমাদের সিনিয়র সকল লিডারদের বিরুদ্ধে মামলা রয়েছে।

কোনো কোনো বিশ্লেষক মনে করেন, বিএনপি প্রতিষ্ঠাকালীন নীতি ও আদর্শ থেকে সরে এসেছে। এ মন্তব্যের দ্বিমত করে মহাসচিব আরো বলেন, বিএনপি কখনো তার জায়গা থেকে সরে যায়নি। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা বিএনপির মূল লক্ষ্য। চেয়ারপারসনের নির্দেশনায় শান্তিপূর্ণ আন্দোলনে রয়েছি আমরা। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের জয় হবে। বিএনপিই একমাত্র দল, যে দল পারে মানুষকে মুক্ত করতে।

নির্যাতন নিপীড়ন মোকাবেলা করে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com