বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

দেশ এখন ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: দেশ এখন ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিচার বিভাগের স্বাধীনতা ও ফরমায়েশি রায়ের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ এখন ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে পিষ্ট। আজ আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী দেশের বিশিষ্ট আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলের ওপর সরকারি মদদে পুলিশ হামলা চালিয়ে সরকার আবারও এক ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল। আইনকে হাতের মুঠোয় নিয়ে দেশের পুলিশ বাহিনী সমগ্র দেশটাকে এখন রক্তাক্ত জনপদে পরিণত করেছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আইনজীবীদের ওপর নগ্ন হামলায় অবৈধ সরকার এক অশুভ বার্তা জানান দিলো।

তিনি বলেন, আজ পুলিশের এই হামলার মধ্য দিয়ে অবৈধ সরকারের এক হিংস্র আগ্রাসনের আরও একটি রূপের বহিঃপ্রকাশ ঘটলো। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জনসমর্থনহীন এই সরকার হিতাহিত-বিবেচনাহীন। অন্তঃহীন ক্ষমতালিপ্সার জন্য এরা জনগণের বদলে সন্ত্রাসকেই ভরসা করছে বেশি। তাই গুন্ডামির এই নতুন রূপ দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিতবহ। আদালত প্রাঙ্গণেই যদি দেশের আইনজীবীদের ওপর হামলা হয় তাহলে অন্যত্র কী পরিস্থিতি হতে পারে, সেই ভাবনা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি আরও বলেন, পুলিশ এখন শুধুমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকেই নয়, তারা এখন টার্গেট করেছে বিএনপিপন্থী আইনজীবীদেরকেও। আইনজীবীদের কণ্ঠে প্রতিবাদী আওয়াজ উচ্চারিত হয়, আর এতে অবৈধ সরকারের ভিত্তি নড়ে ওঠে বলেই আজ আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এই হামলা পূর্ব-পরিকল্পিত এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আশকারা দেয়া হয়েছে।

বিএনপি মহাসচিব আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানান এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পুলিশের হামলায় আহত আইনজীবীদের আশু সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবি এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট আয়োজিত ঢাকা বার থেকে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে পুলিশের লাঠিচার্জে শতাধিক আইনজীবী আহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com