শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

দেশে নানা অশুভ খেলা চলছে-সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে দেশে আন্দোলন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। অথচ নানা অশুভ খেলা চলছে। বিএনপি একবার কোটা আন্দোলনে ভর করে, একবার শিক্ষার্থীদের নিরাপদ সড়কের উপর ভর করে। এখন আবার নিরাপদ সড়ক আন্দোলনেও ভর করেছিল, কিন্তু সফলতা আসেনি। শিশুরা বাড়ি ফিরে গেছে।

বুধবার রাজধানীর আজিমপুর এতিমখানায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেতা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বিদেশিদের দ্বারে দ্বারে ধর্না দিয়ে নালিশ করছে। এই পার্টি আবারও প্রমাণ করলো— বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয়, এটা হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। আসলে বিএনপির আন্দোলন করার সক্ষমতা নেই। যারা নিজের আন্দোলন করার সক্ষমতা নেই, তারা ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে দেশের কথা বলছে, নালিশ, এরা দেশপ্রেমী নয়।

আক্রান্ত হয়ে আওয়ামী লীগকে আক্রমণকারী বলে চিহ্নিত করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিরাপদ সড়ক দাবির আন্দোলনে অনুপ্রবেশকারীদের আক্রমণে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আক্রান্ত হন। কিন্তু বিএনপি বিদেশিদের কাছে উল্টো নালিশ করে বলেছে যে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড সংগ্রহ করে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নোংরা রাজনীতির আন্দোলনের দিকে নিয়ে যাওয়া অশুভ এজেন্ডা যাদের, তাদেরকে আমরা নিন্দা করি। তাদেরকে ধিক্কার জানাই। আজকে আরাফাত নামে আমাদের এক কর্মীকে বিদেশে পাঠাতে হচ্ছে। তার একটি চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হয়েছে দাবি করে তিনি বলেন, কোনো কোনো মিডিয়ায় এবং কোনো কোো কাগজে এমনকি ফেসবুকে অপপ্রচার হয়েছে। সেখানে বলা হয়েছিল— সে (আরাফাত) আন্দোলনরত ছাত্র। তার চোখ উপড়ে ফেলা হয়েছে। সে যে আমাদের দলের সেটা বলা হয়নি।

অনুষ্ঠানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, তিনি ছিলেন সবচে বড় অনুপ্রেরণা ও সাহসের উৎস। বাংলাদেশে বহু ফাস্ট লেডি দেখেছি, কিন্তু বেগম মুজিবকে আমরা পাদ প্রদীপের আলোয় খুব একটা দেখিনি। তিনি সব সময় ছিলেন পর্দার অন্তরালে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com