শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশের সড়ক-মহাসড়ক এখন ছোট ছোট খালে পরিণত হয়েছে। সরকারের উন্নয়ন শুধু সাইনবোর্ড আর বিলবোর্ডে শোভা পায়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।
রিজভী বলেন, দেশে সড়ক-মহাসড়ক ও গ্রামীণ সড়ক মিলে ৮৫ হাজার কিলোমিটার সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কের খানাখন্দ আর দুর্ভোগের আশঙ্কায় লাখ লাখ মানুষ ঈদে বাড়ি যেতে পারবে কিনা চিন্তিত। তারা বিকল্পভাবে বাড়ি যেতে ট্রেনের টিকেটের পেছনে ছুটছে, সেখানেও পাচ্ছে না কাঙ্ক্ষিত টিকেট।’
তিনি বলেন, আওয়ামী লীগ আবারও একটি ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনের ষড়যন্ত্র করছে। সে জন্যই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় আটকে রেখেছে। শেখ হাসিনার সে ইচ্ছা পূরণ হবে না। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে বদ্ধপরিকর। জনগণের কঠোর আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র মুক্তি পাবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বেই।
রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র এখন সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী।
প্রধানমন্ত্রীর এ বক্তব্য বাংলাদেশের জনগণের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। প্রধানমন্ত্রী বলেছেন দেশ এগিয়ে যাচ্ছে, আমি বলব এগিয়ে যাচ্ছে, তবে তা পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।