শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

দৃশ্যম ৩: প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

বিনোদন ডেস্ক:: প্রেক্ষাগৃহে উঠতেই বক্স অফিসে রীতিমতো তাণ্ডব শুরু করেছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) অজয় দেবগন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তিটি মুক্তি পায়; আর প্রথম দিনেই গড়ে নতুন ইতিহাস। সিনেমাটির উদ্বোধনী আইয়ের তথ্য তা ই বলছে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতের বাজারে সিনেমাটি নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে। ভারতে এর গ্রস আয় দাঁড়িয়েছে ৮০.১০ কোটি রুপি এবং দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস সংগ্রহ গিয়ে ঠেকেছে ৯৫.১০ কোটি রুপিতে, যা এক কথায় অভাবনীয়।

এই আয়ের মাধ্যমে নিজের তৈরি আগের সব রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি।

এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম সিনেমা ‘দৃশ্যম’ উদ্বোধনী দিনে ৫.৮৫ কোটি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি নিট আয় করেছিল। শুধু আগের দুই কিস্তিকে পেছনে ফেলা নয়, এই ঐতিহাসিক ওপেনিংয়ের মাধ্যমে অজয় দেবগন নিজের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সাফল্যের দেখা পেয়েছেন।

পর্দায় বিজয় সালগাঁওকরের উপস্থিতি মানেই যেন টানটান উত্তেজনা আর বুদ্ধির মারপ্যাঁচ। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুনে যাওয়া রহস্যের জাল বরাবরই মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। সেই ধারাবাহিকতা বজায় রেখে আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজিটির শেষ ও তৃতীয় কিস্তি নির্মাণ করলেন অভিষেক পাঠক। মুখ্য চরিত্রে অজয় দেবগনের পাশাপাশি মীরা দেশমুখ চরিত্রে তাবু এবং এসপি রাজবীর সিংয়ের চরিত্রে জয়দীপ অহলাওয়াতের অনবদ্য অভিনয়ে জমজমাট রূপ নিয়েছে সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com