শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বৃহস্পতিবার শেখ জামালের হারের মধ্য দিয়েই শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। আর বিকেএসপির ৩ নম্বর গ্রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে দুই বছর পর ঢাকা লিগের শিরোপা ঘরে তুললো দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। এদিন আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত ও নাসির হোসেনের সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান করে আবাহনী। জবাবে ৪২.৪ ওভারে ২৮০ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। এর আগে ২০১৫-১৬ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। গেলবার শিরোপা জিতেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এ জয়ে ১৬ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো আবাহনী। গত আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে শিরোপা হারানোর এক আসর পরেই শিরোপা পুনরুদ্ধার করলো দলটি। তাদের কাছে হারায় রানার্স আপও হতে পারেনি রূপগঞ্জ। সমান ২০ পয়েন্ট হলেও হেড টু হেডে রানার্স আপ হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রানরেটে এগিয়ে থেকেও তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হচ্ছে রূপগঞ্জকে।
আবাহনীর দেওয়া ৩৭৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। এরপর দলীয় ৪১ রানে হারায় অভিষেক মিত্রকে। তবে চাপে পড়া দলের হাল মুশফিকুর রহীমকে নিয়ে ধরেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। গড়েছেন ৯১ রানের জুটি। এরপর মোহাম্মদ নাঈম আউট হয়ে গেলে চতুর্থ উইকেটে অধিনায়ক নাঈম ইসলামকে নিয়ে জুটি বাঁধেন মুশফিক। ৫৮ রান যোগ করেন তারা। এরপর পঞ্চম উইকেটে ভারতীয় ব্যাটসম্যান পারভেজ রসুলের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন অধিনায়ক। কিন্তু এ জুটি ভাঙতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে রূপগঞ্জের ইনিংস। শেষ ৬টি উইকেট হারায় তারা ৪১ রান তুলতেই। আর দলীয় ২৮০ রানের মাথায় আউট হন চার ব্যাটসম্যান। ৪৪ বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছেন নাঈম ইসলাম। ৬৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় এ রান করেছেন তিনি। ৫৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৭০ রান করেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া মুশফিক খেলেছেন ৬৭ রানের ইনিংস। ৬৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি। আবাহনীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, সন্দিপ রায় ও নাসির হোসেন।
এর আগে সাভারের বিকেএসপিতে টসটা জিতেছিলো রূপগঞ্জই। কিন্তু ব্যাটিং স্বর্গে ফিল্ডিং বেছে নেয় দলটি। তার ফায়দা শুরু থেকেই তুলতে থাকে আবাহনী। ওপেনিং জুটিতেই আসে ৯২ রান। এরপর অবশ্য দ্রুত ৩টি উইকেট হারায় তারা। কিন্তু চতুর্থ উইকেটে ১৮৭ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় আবাহনী। শেষ দিকে মাশরাফী বিন মোর্ত্তজাও ব্যাট ঝড় তোলেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান করে দলটি।
লিগের শুরু থেকেই খোলসে আবদ্ধ থাকা নাসির হোসেন এদিন দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। ৯১ বলে ১২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন এ ব্যাটসম্যান। ১৫টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান। এছাড়া সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্তও। লিগে এটা তার চতুর্থ সেঞ্চুরি। ১০৭ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ১১৩ রান করেন এ ওপেনার। এনামুল হক বিজয় করেছেন ৫৭ রান। শেষ দিকে মাত্র ৮ বলে ৪টি ছক্কার সাহায্যে ২৮ রান করে অপরাজিত থাকেন মাশরাফী। রূপগঞ্জের পক্ষে ৪২ রানের খরচায় ৩টি উইকেট পান পারভেজ।
সংক্ষিপ্ত স্কোর :
আবাহনী লিমিটেড : ৫০ ওভারে ৩৭৪ রান (বিজয় ৫৭, শান্ত ১১৩, বিহারি ৬, মিঠুন ১, নাসির ১২৯, সৈকত ১৯*, মিরাজ ৭, মাশরাফী ২৮*; শহীদ ২/৮১, আশিকুজ্জামান ০/৬৮, পারভেজ ৩/৪২, আসিফ ১/৯৩, মোশারফ ০/৫৩, নাঈম ইসলাম ০/৩২)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৪২.৪ ওভারে ২৮০ (মজিদ ০, মোহাম্মদ নাঈম ৭০, অভিষেক ১৩, মুশফিক ৬৭, নাঈম ইসলাম ৭৬, পারভেজ ২৯, মিলন ৭, মোশারফ ৭, শহীদ ০, আশিকুজ্জামান ০*, আসিফ ০; মিরাজ ২/২৯, মাশরাফী ১/৩০, সানজামুল ২/৬৩, সন্দিপ ২/৫৩, নাসির ২/৬৭, সাকলাইন ০/৩৭)।
ফলাফল : আবাহনী ৯৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : নাসির হোসেন।