রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন 

বিনোদন ডেস্ক:: বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও মা-বাবা হলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন ‘পাঠান’খ্যাত এই অভিনেত্রী। এটি তাদের দ্বিতীয় সন্তান। খবর ইন্ডিয়া টুডের।

প্রথম সন্তানের মা-বাবা হওয়ার পর আনন্দের খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দীপিকা-রণবীর। পূর্বের মতো এবারো তার ব্যত্যয় ঘটেনি। ইনস্টাগ্রামে শিশুর পায়ের চিহ্নের একটি ছবি পোস্ট করে লেখেন, কন্যা তোমাকে স্বাগতম। এরপর লেখেন, ১৯.০৯.২০২৬। সর্বশেষ লেখা রয়েছে, দুয়া, দীপিকা এবং রণবীর।

তারপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী কৃতি স্যানন লেখেন, “আহা! আপনাদের অনেক অনেক অভিনন্দন! দুয়া একটা ছোট বোন পেয়েছে! সত্যিই এক পরম আশীর্বাদ। সোনম কাপুর লেখেন, কী দারুণ ব্যাপার! অভিনন্দন। ভিকি কৌশল লেখেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন! অভিনন্দন। তাছাড়াও অভিনেত্রী আলিয়া ভাট, কাজল, বাণী কাপুর, অভিনেতা অনীল কাপুর, আয়ুষ্মান খুরানা, গায়িকা শ্রেয়া ঘোষালসহ অনেকে অভিবাদন জানিয়ে মন্তব্য করেছেন।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমার শুটিং সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা যায় তাদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথম সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা। একই বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেন দীপিকা। মুক্তির পর সিনেমাটি আলোচিতও হয়।

চলতি বছরের এপ্রিল মাসে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার ঘোষণা দেন দীপিকা-রণবীর সিং। দীপিকার পরবর্তী সিনেমা ‘কিং’। অন্তঃসত্ত্বা অবস্থায় এ সিনেমারও শুটিং করেছেন। কেবল তাই নয়, ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেরও শুটিং করেছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com