শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা তিন মামলায় জামিন বিষয়ে আগামী রোববার আদেশ দেয়া হবে।
কুমিল্লার নাশকতা মামলায় আজ আবারও জামিন শুনানি হয় হাইকোর্টে। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ আজকের দিন পর্যন্ত শুনানি মুলতবি করেন।
এর আগে বুধবার খালেদা জিয়ার জামিনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি উপস্থাপন শুরু করেন। তবে আদালতের সময় শেষ হয়ে এলে বিচারক শুনানি মুলতবি করেন।
তার আগে গত রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে নড়াইলের মানহানী ও কুমিল্লার নাশকতার মামলা শুনানির জন্য কার্যতালিকায় আসে। এখন নাশকতার মামলার শুনানি শেষ হলে মানহানীর মামলার শুনানি হবে একই কোর্টে।
এদিকে, গত মঙ্গলবার মানহানীর আরও দুই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়া। তথ্য গোপন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন এবং ২০০১ সালে চারদলীয় জোট গঠন করে স্বাধীনতাবিরোধীদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানির মামলা দুটি হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।