শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

তারেকের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চ্যালেঞ্জ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি পাসপোর্ট স্যারেন্ডার করে নাগরিকত্ব বর্জন করেছেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।

শাহরিয়ার আলম দাবি করেন, তারেক রহমান তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন তার অনেক প্রমাণ রয়েছে। সম্প্রতি একটি বিট্রিশ কোম্পানির ডিরেক্টর হিসেবে তার নাম উল্লেখ রয়েছে, সেখানে তার নাগরিকত্বের উল্লেখ করা হয়েছে ‘ব্রিটিশ’। যদিও চার মাস পরে তা তুলে বদল করে ‘বাংলাদেশি’ উল্লেখ করা হয়েছে। এটি উইকিলিসসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রকাশ করেছে।

তিনি বলেন, আমি যখন বললাম তারেক রহমান বাংলাদেশি নাগরিকত্ব বর্জন করেছে, তখন বিএনপির পক্ষ থেকে আমাকে আইনি নোটিস দেয়া হয়। আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করে দিয়েছি সত্যিই তারেক রহমান আর বাংলাদেশি নাগরিক নন, তিনি পাসপোর্ট স্যারেন্ডার করে নাগরিকত্ব ত্যাগ করেছেন। তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্টও থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে অর্থমন্ত্রীর একটি ভিডিও এডিট করে প্রবাসীদের ভুল বুঝিয়ে বলা হচ্ছে অর্থমন্ত্রী নাকি প্রবাসীদের আয়ের উপর বেশি ট্যাক্স আরোপ করেছেন। যে ভিডিওটি পুরো ভুয়া বলে দাবি করেন শাহরিয়ার আলম।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি এ বাজেট বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের প্রবৃদ্ধি ৭.৬৫ শতাংশে উন্নীত হবে। আর এটা হলে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বড় সাফল্য অর্জিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com