বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কন্ঠ অনলাইন:: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না। তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে নির্বাচনি তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না? বিএনপি হরতাল করছে, প্রকাশ্যে পুলিশ হত্যা করছে, মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে, তাদের কি বিচার হবে না? যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে, তাদের বিরুদ্ধে মামলা হবেই।
তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। তাদের কেউ বাইরে রাখেনি। বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র ও বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।
বিএনপির ধরপাকড়ের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনও ছাড় দেয়া হয় না। সব দল নির্বাচনে আসুক, আওয়ামী লীগ এখনও এমনটি চায়। দেশের অনেক কিছুর সঙ্গেই বিদেশি বন্ধুদের বন্ধন ও ইন্ধন থাকে।
১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।