বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

ডা. সংযুক্তা সাহাকে বক্তব্য প্রত্যাহার করতে আইনি নোটিশ

একুশের কণ্ঠ অনলাইন:: সেন্ট্রাল হাসপাতালকে নিয়ে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ডা. সংযুক্তা সাহাকে আইনি নোটিশ পাঠিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। এ নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও উল্লেখ করা হয়েছে।

সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (২১ জুন) ডা. সংযুক্তা সাহাকে এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে হাসপাতাল তার কাছ থেকে কোনও সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

নোটিশে আরও বলা হয়, হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই ডা. সংযুক্তা সাহা তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি শর্তাবলি লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন, যা হাসপাতালের ব্র্যান্ড ও সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com