শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

টি-টুয়েন্টি সিরিজ জেতার সামর্থ্য আমাদের আছে: সাকিব

স্পোর্টস ডেস্ক:: টি-টুয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ যে কোনো দলের জন্যই ভীতির নাম। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে দলটা অনন্য। টি-টুয়েন্টি বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ও সর্বাধিক দুইবারের চ্যাম্পিয়ন তারা। সেই দলের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ টাইগারদের। টেস্টের হতাশা ওয়ানডে সিরিজে কাটাতে পারলেও টি-টুয়েন্টি নিয়ে ভয় থাকছেই। তবে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বাস, ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জেতার সামর্থ আছে তার দলের।

ক্যারিবীয় সফরে বাংলাদেশের শুরুটা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যেখানে ২-০ তে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। শুধু তাই নয়, ৪৩ রানে অলআউট হওয়ার মতো লজ্জাও আছে সেখানে। কোনো ম্যাচে নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ।

তবে ওয়ানডে সিরিজে বদলে যায় দলের চিত্র। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা দলের সঙ্গে যোগ দিতেই দলে অন্য রূপ। বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নাটকীয়ভাবে ৩ রানে না হারলে স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে পারতো বাংলাদেশ।

ওয়ানডে সিরিজে ছন্দ ফিরে পাওয়াটাই আত্মবিশ্বাসী করছে টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার তাই বলছেন, ‘আমরা জানি ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী দল, বিশেষ করে টি-টুয়েন্টি ফরম্যাটে। এটি তাদের সবচেয়ে প্রিয় ফরম্যাট আর আমাদের জন্য সবচেয়ে কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নিজেদের সেরাটা দেওয়ার এবং সিরিজ জেতার সামর্থ আছে।’

এ পর্যন্ত বাংলাদেশ ক্যারিবীয়দের বিপক্ষে মাত্র ২টি টি-টুয়েন্টি ম্যাচ জিতেছে। সবমিলে ক্যারিবীয়দের বিপক্ষে ৬টি টি-টুয়েন্টি খেলেছে বাংলাদেশ। সর্বশেষ জয় ২০১১ সালে। প্রথম জয়টি ২০০৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। তার উপর ক’দিন আগে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ মোটেও সহজ হওয়ার কথা নয়।

দুই দলের সিরিজের প্রথম টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। পরের দুই টি-টুয়েন্টি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ম্যাচ দুটি হবে ৪ ও ৫ আগস্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com