শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ক্ষেত্র তৈরিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ৫ সদস্যের কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়।
তবে রাজনৈতিক দলগুলোর সমঝোতা ছাড়া সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগ বিষয়ে প্রশ্ন তুলে সভা বর্জন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আর কমিশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে সংস্কারের পক্ষে সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সিইসি কে এম নূরুল হুদা বলেন, উনি (মাহবুব তালুকদার) ভিন্ন পোষণ করেছেন। আমরা চারজন সম্মত হয়েছি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র আড়াই মাস বাকি। এই স্বল্প সময়ে ইভিএম নিয়ে সংস্কার প্রস্তাব ও প্রয়োজনীয় ইভিএম পাওয়া যাবে কি না- জানতে চাইলে তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে, এমন সিদ্ধান্ত হয়নি। তবে আমাদের প্রস্তুতি থাকবে। পরিস্থিতি অনুকূলে থাকলে ব্যবহারের জন্য প্রস্তুতি রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় কমিশনের সভা শুরু হয়। এর আধা ঘণ্টার মধ্যে জাতীয় নির্বাচন ইভিএম ব্যবহার বিষয়ে আপত্তি তুলে বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দুপুরে আধা ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত সভা চলে।
এরপর তিন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে সাংবাদিকদের সামনে আসেন সিইসি। তিনি বলেন, আমরা ইভিএম বিষয়টি অন্তর্ভুক্ত করে আরপিও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি। কয়েকদিনের মধ্যে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের সম্মতি পেলে পরবর্তী প্রক্রিয়া শেষে সংসদে উপস্থাপন করা হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, এবার আরপিও সংশোধনে অনেক প্রস্তাব এলেও মূলত ইভিএমের বিষয়টি ছিল মুখ্য। আমরা স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পেয়েছি। সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইনগত সংস্কার হলে সেখানেও ইভিএম ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে। কমিশন কোনো সময়ে এটি ব্যবহারের সিদ্ধান্ত নিলে সেই প্রস্তুতি থাকবে।
২০১০ সালে প্রথমবারের মতো ইভিএম ব্যবহারের পর স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে এর ব্যবহার হয়। তবে সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ইভিএম ব্যবহার হয়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বরাবরই ইভিএম ব্যবহারের পক্ষে থাকলেও এর বিরোধিতা করে আসছে বিএনপিসহ বেশ কয়েকটি দল।
এতোদিন সিইসি বলে আসছিল, রাজনৈতিক দলগুলোর মতৈক্য না হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। কিন্তু হঠাৎ করেই ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের উদ্যোগ নিল ইসি।