শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

‘জাতীয় ঐক্য সফল হলে সরকার ৩ দিন ক্ষমতায় টিকতে পারবে না’

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দলের উদ্যোগে শুরু হওয়া জাতীয় ঐক্য প্রক্রিয়া সফল হলে সরকার তিনদিন ক্ষমতায় টিকতে পারবে না বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনাদেরকে আমরা এটুকু বলতে পারি আজকে সবাই সচেতন হয়ে উঠেছেন, সবাই কনসারন্ড হয়েছেন যে, আজকে দেশে যে অবস্থা চলছে তা চলতে দেওয়া যায় না। আজকের এই অবস্থার পরিবর্তন করতে হলে সকলেরই একটা ঐক্য দরকার। আর এটাতে যদি সফল হওয়া যায় ইনশাল্লাহ আওয়ামী লীগ তিনদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘আমাদের লক্ষ্য, একটা আন্দোলন সৃষ্টি করা, একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা। আমরা ইতিমধ্যে জাতীয় ঐক্যের কাজ শুরু করেছি, জাতীয় ঐক্যের কাজ চলছে। আমরা আশা করি এটাতে সফল হওয়া যাবে।’

এ সময় দলের নেতা-কর্মীদের সংগঠিত হয়ে ‘রাজপথে’ আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘জাতীয় ঐক্য সৃষ্টি হলেও সেই ঐক্যই আমাদেরকে আন্দোলনের পথে নিয়ে যাবে। আর ঘরের ভেতরে নয়, সাহস করে নামুন। রাজপথে যু্বক-তরুণদের জমায়েত বাড়াতে হবে। নিজেরা ঐক্যবদ্ধ হোন, সংগঠন শক্তিশালী করেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এরা (সরকার) কোন দেশে পরিণত করেছে যে, রাষ্ট্রের আজকে হাজার হাজার রাজনৈতিক নেতা-কর্মী জেলের মধ্যে কাটাচ্ছে। বিরোধী নেতা-কর্মীরা শান্তিতে একটু বাসায় থাকতে পারে না। বেশিরভাগই শরনার্থী হয়ে পড়েছে, অন্য এলাকায় চলে যায়, অন্য এলাকায় থাকতে হয়।’ বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আজকে জাতিসংঘের মহাসচিব আসছেন রোহিঙ্গা শরণার্থীদের দেখতে। গোটা বাংলাদেশের মানুষ তো আজ শরণার্থী, শুধু রোহিঙ্গারা নয়। জাতিসংঘের মহাসচিবসহ সকলেরই বাংলাদেশে আজকে দেখতে আসা উচিৎ কী কারণে মানুষ আজকে শরণার্থীতে পরিণতি হয়েছেন নিজ দেশে। একটাই মাত্র কারণ আওয়ামী লীগ আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছেন। তারা কোনোদিনই গণতন্ত্রে বিশ্বাস করে না। এই কথাটা তাদের বললে আওয়ামী লীগের জ্বালা ধরে।’

গাজীপুরের নির্বাচন ভোটের ফলাফলের পরে কেন অন্য তিনটি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “এই দুইটা নির্বাচন (খুলনা ও গাজীপুর) হওয়াতে লাভটা কী হয়েছে? সরকার ও নির্বাচন কমিশনের মুখোশ উন্মোচন হয়ে গেছে। তার প্রমাণ আজকে দেখেন সকল জাতীয় দৈনিকগুলোতে কীভাবে গাজীপুরে নির্বাচন হয়েছে। তার প্রমাণ আজকে জাতীয় প্রেস ক্লাবের দোতলায় একটি অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রর রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট কিছুক্ষন আগে বক্তব্য রেখে বলেছেন যে, ‘এটা মেনে নেওয়া যায় না। খুলনা ও গাজীপুরের মতো নির্বাচন কখনোই মেনে নেওয়া যাবে না।’”

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন যদি এভাবে আচরণ কনটিনিউ করতে থাকে তাহলে সেই নির্বাচন আমরা থাকবো কিনা তা সিদ্ধান্ত নেব’

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুব দলের দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com