শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম আনুষ্ঠানিক বৈঠক দুপুরে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। জোট গঠনের চার দিনের মাথায় তারা পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় আসবে। এ বৈঠকে সাত দফা দাবি আদায়ে আগামী কর্মসূচি চূড়ান্ত নিয়েই আলোচনা হবে বলে সূত্র জানায়।

জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন এ বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় প্রথম দিকে জোটের সঙ্গে ছিল সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ। কিন্তু পরে মতের মিল না হওয়ার কারণে শেষ মুহূর্তে দলটি জোট থেকে সরে যায়। বিষয়টি নিয়ে বিকল্পধারার অভ্যন্তরেও তোলপাড় চলছে।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য নিয়ে গড়ে ওঠে এ জোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com