শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

জনগণের মাঝে আতঙ্ক তৈরি করাই এখন সরকারের উদ্দেশ্য: রিজভী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের মাঝে আতঙ্ক তৈরি করাই এখন সরকারের উদ্দেশ্য। এর অংশ হিসেবে পবিত্র রমজানেও ক্রসফায়ারের নামে মানুষ হত্যা, পোশাকে ও সাদাপোশাকে তল্লাশির নামে বিরোধী নেতা-কর্মীদের হয়রানি চলছে।

প্রতিদিন কোথাও না কোথাও বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, গ্রেফতার কিংবা জেল গেটে গ্রেফতার চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যার নামে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ হত্যা প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। যা মানবধিকারের পরিপন্থী ও আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মানবধিকারের এ রক্তাক্ত মূর্তি দেশবাসীর মধ্যে ভয়ের শিহরণ বয়ে যাচ্ছে। এ অনাচারের সরকারি প্রশাসনের মানবতার অধঃপতন আরো নিচের দিকে নামছে।

রিজভী বলেন, আসলে মাদক নির্মূলের নামে বিচারবহির্ভূত হত্যার যে হিড়িক চলছে এর গভীর রাজনৈতিক উদ্দেশ্যে হচ্ছে মাদকবিরোধীদের নির্মূল করার নামে বিরোধী দলের তরুণ নেতা-কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করে মেরে ফেলা। এভাবেই নেত্রকোনায় কথিত ক্রসফায়ারে হত্যা করা হয়েছে ছাত্রদলের সদস্য আমজাদ হোসেনকে।

সোমবার রাতে সেহরীর কিছুক্ষণ আগে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর রাজধানীর বনানীর সিলেট হাউসের বাসায় ডিবি পরিচয়ে পুলিশের তল্লাশির চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

রিজভী বলেছেন, বিরোধী দলের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা কবীর মুরাদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com