শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রামে ‘মাতাল অবস্থায়’ টোল প্লাজায় ভাংচুর ঘটনায় এএসপি ক্লোজড

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজায় ভাংচুর ও টোল প্লাজার কর্মকতা-কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী পুলিশ সুপারের (এএসপি) বিরুদ্ধে। শুক্রবার দুপুর ১২ টার দিকে মইজ্জারটেক টোল প্লাজায় এই ঘটনা ঘটে। পরে কক্সবাজার যাওয়ার পথে চন্দনাইশ থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি চন্দনাইশ থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

অভিযুক্ত পু্লিশ কর্মকতা হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের মিরসরাই সার্কেলের সহকারী পু্লিশ সুপার (এএসপি) মশিয়ার রহমান। এ ঘটনায় তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

কর্ণফুলী শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠানের ইনচার্জ অপূর্ব সাহা জানান, মিরসরাই সার্কেলের সহকারী পু্লিশ সুপার মশিয়ার রহমান তার গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি সাদা পোশাকে ছিলেন। এ সময় দুটি বুথে টোল সংগ্রহ করছিলেন সোহাগ ও ফয়সাল। কয়েকটি গাড়ির পরই এএসপি মশিয়ারের গাড়ি ছিল। হঠাৎ গাড়ি থেকে নেমে এসে তিনি বুথের গ্লাস ভাঙা শুরু করেন। পরে বুথ থেকে বের করে সোহাগ ও ফয়সালকে মারধর করেন। তাদের বাঁচাতে গেলে সাদ্দাম হোসেন নামে আরও একজনকে মারধর করেন এএসপি মশিয়ার। পরে তিনি তার গাড়ির সামনে থাকা অন্যান্য গাড়িগুলো টোলগ্রহণ ছাড়া ছেড়ে দিতে বাধ্য করেন ও তিনিও চলে যান।

অপূর্ব সাহা বলেন, ‘ঘটনার সময় এএসপি মশিয়ার মাতাল অবস্থায় ছিলেন।’ এ বিষয়ে জানতে এএসপি মশিয়ার রহমানের সরকারি মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সৈয়দুল মোস্তফা বলেন, ‘টোল প্লাজায় ভাংচুর ও কর্মীদের মারধরের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এএসপি মশিয়ার রহমানকে ক্লোজড করা হয়েছে। তাৎক্ষণিক তাকে দায়িত্ব থেকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মশিয়ার রহমান মিরসরাই থেকে কেন কর্ণফুলী এসেছিলেন জানি না। তিনি আমাদের জানাননি। তার ব্যাপারে পুলিশ সদর দফতরে জানানো হয়েছে। সদর দফতর ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com