শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

গাজী গ্রুপের বিপক্ষে আজ মাঠে নামছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:: ঢাকা লিগে মাঠে অসদাচরণ করে শাস্তি ভোগ করার পর মাঠে ফিরছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপের বিপক্ষে তাকে দেখা যাবে আবারো সাদা-কালোর দলের হয়ে।

বৃহস্পতিবার (১৭ জুন) সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহামডানের টিম ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন। আজ এগারোতম রাউন্ডে সাকিবকে খেলতে দেখা গেলেও সুপার লিগের ব্যাপারে জানাতে পারেননি মোহামেডানের এই কর্তা।

শিপন বলেন, ‘শাস্তি শেষে সাকিব আজ মাঠে নামবেন। তবে সুপার লিগের ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এখনো স্পষ্টভাবে নিশ্চিত না আমি।’

১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে সুপারলিগ নিশ্চিত করেছে মোহামেডান। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলে স্থান আরও পাকাপোক্ত হবে। মোহামেডান সুপার লিগ নিশ্চিত করলেও সাকিবকে নিয়ে ধোঁয়াশা।

সপ্তম রাউন্ডের খেলাটি আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে একবার স্টাম্পে লাথি ও আরেকবার উপড়ে ফেলায় সাকিবকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করে সিসিডিএম।

ব্যাট-বল হাতে নিজের সেরাটা দিতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। ৭ ম্যাচে ১১০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮ উইকেট। ব্যাটিংয়ে সর্বোচ্চ ইনিংসটি (৩৭) খেলেন আবাহনীর বিপক্ষে। ৭ ম্যাচের মধ্যে দুবার আউট হয়েছেন ০ রানে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com