শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

গণগ্রেপ্তার বন্ধ হলেও বিএনপি নেতাকর্মীদের আতঙ্ক কমেনি

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

কেন্দ্র থেকে তৃণমূল, বিএনপির কোথাও স্বস্তি নেই। নেতাকর্মীরা গ্রেপ্তার-আতঙ্কে ভুগছেন। গত ক’দিনে ঘরে ঘরে তল্লাশি ও গণগ্রেপ্তার অনেকটাই কমেছে, তবে যে কোনো মুহূর্তে ধরা পড়ার আশঙ্কা বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মাঝে।

চট্টগ্রাম মহানগর যুবদলের একজন সিনিয়র নেতা বললেন, তফসিল ঘোষণার পর পর পুলিশ যেভাবে ধরপাকড়ে নেমেছিলো; সেই মাত্রা এখন নেই। রাতবিরেতে ঘরের দরজায় বুটের শব্দ পাচ্ছি না, এটাও ঠিক। তবে একটা মানসিক ভীতি কাজ করছে, নেতাকর্মীরা কেউই পুলিশের সামনে পড়তে চাইছেন না। এমনকী, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও আমাদের নেতাকর্মীরা পারতপক্ষে রাতে বাসায় থাকছেন না।

এদিকে বিভিন্ন জেলা থেকে জানা গেছে, দলের সব পর্যায়েই পুলিশী আতংক রয়েছে এখনো। নারায়ণগঞ্জ, বগুড়া, পিরোজপুর, কুমিল্লা, রংপুর, বাগেরহাট, চাঁদপুর, পঞ্চগড় ও নরসিংদী জেলার নেতাদের সাথে কথা বলে জানা গেলো; গত কয়েক দিনে পুলিশের ধরপাকড় বাড়েনি, আবার কমেওনি। এ ৯টি জেলার মধ্যে ৫টি জেলার দায়িত্বশীল নেতারা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় আগের মতোই আছে। বাকি ৪ জেলার মধ্যে ২টি জেলায় পুলিশের ধরপাকড় কমেছে আর ২টিতে বেড়েছে বলে জেলা নেতারা জানান।

এ ব্যাপারে পুলিশের এক কর্মকর্তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজনৈতিক পরিচয় দেখে কাউকে গ্রেপ্তার করার অভিযোগ ঠিক নয়। সুনির্দিষ্ট মামলা থাকলে যে কেউ গ্রেপ্তার হবে, এটাই স্বাভাবিক। তবে সাম্প্রতিক গ্রেপ্তার তালিকায় বিরোধী দলীয় নেতাকর্মীর সংখ্যা বেশি, এটা স্বীকার করলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com