সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

খেলাধুলাই সামাজিক অপরাধ দমনের সবচেয়ে কার্যকর টনিক- আবু আশফাক এমপি

খেলাধুলাই সামাজিক অপরাধ দমনের সবচেয়ে কার্যকর টনিক- আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার নবাবগঞ্জে ফুটবল যেন আবারও ফিরিয়ে আনল গ্রামীণ ক্রীড়ার প্রাণচাঞ্চল্য। হাজারো দর্শকের উচ্ছ্বাস, করতালি আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। মাঠজুড়ে ছিল উৎসবের আবহ, আর সেই আবহেই তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সামাজিক অপরাধ থেকে দূরে রাখার জোরালো বার্তা দিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

সোমবার বিকেলে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই তরুণদের জন্য সবচেয়ে কার্যকর টনিক। একটি সুস্থ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।”

তিনি আরও বলেন, তরুণদের জন্য নিরাপদ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিটি উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। যুব সমাজকে মাঠমুখী করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সমাজ ও ক্রীড়া সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে এমপি বলেন, সরকারের ভালো কাজে সবাইকে সহযোগিতা করা উচিত, আর কোথাও ভুল হলে গঠনমূলক সমালোচনা অবশ্যই থাকতে হবে। কিন্তু শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করলে জনগণ বিভ্রান্ত হয় এবং উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তিনি বলেন, রাজনীতি কোনো ব্যবসার ক্ষেত্র নয়; এটি মানুষের কল্যাণে আত্মত্যাগ ও সেবার আদর্শ। যারা রাজনীতিকে ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে দেখেন, তারা জনগণের সঙ্গে প্রতারণা করছেন।

ঢাকার নবাবগঞ্জে ফুটবল যেন আবারও ফিরিয়ে আনল গ্রামীণ ক্রীড়ার প্রাণচাঞ্চল্য। হাজারো দর্শকের উচ্ছ্বাস, করতালি আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বারুয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত ঐতিহ্যবাহী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

ফাইনাল ম্যাচ উপলক্ষে সোমবার বিকেল থেকেই বারুয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন এলাকার ফুটবলপ্রেমীরা। মাঠজুড়ে ছিল হাজারো দর্শকের উপস্থিতি। প্রায় দুই দশক ধরে আয়োজিত এই গোল্ডকাপ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রধান অতিথি মাঠে পৌঁছালে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ মুখর হয়ে ওঠে। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

শিরোপা নির্ধারণী ম্যাচে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়ন একাদশকে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত করে দোহারের নয়াবাড়ী ব্যাচ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আক্রমণাত্মক ফুটবল, দারুণ সমন্বয় ও দর্শকদের প্রাণবন্ত সমর্থনে ম্যাচটি হয়ে ওঠে রোমাঞ্চকর।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলার উদ্বোধক কানাডাপ্রবাসী আমজাদ হোসেন, ট্রফি দাতা ব্যবসায়ী মোক্তার হোসেন খান, আবুল কালাম খন্দকার, আবু শফিক খন্দকার মাসুদ, আব্দুল্লাহ আল মামুন খান, মাসুদুর রহমান, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের এই গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি এলাকার সামাজিক সম্প্রীতি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতিকে টিকিয়ে রাখার এক অনন্য আয়োজন। নিয়মিত এমন প্রতিযোগিতা বাড়লে মাদক, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতা থেকে যুবসমাজকে দূরে রাখা আরও সহজ হবে বলে তারা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com