শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হলেও মনোবল শক্ত আছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন সড়কের ঢাকা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ফখরুল।
সাংবাদিকদের ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়া) সঙ্গে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক আলাপ হয়নি। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছি। তিনি বর্তমানে অসুস্থ, তবে তার মনোবল শক্ত। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বিকেল চারটায় এসেছিলাম। ঈদের দিনও এসেছিলাম। কিন্তু আজ অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ।’
এর আগে গত ২২ আগস্ট ঈদের দিন খালেদার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মির্জা ফখরুলসহ বিএনপির সিনিয়র কয়েকজন নেতা। ওইদিন তাদের কারা কর্তৃপক্ষ জানায়, দেখা হবে না।
একই দিন বিকেলে কারাগারে খালেদার সঙ্গে দেখা করেন তার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি, তার ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার এক ভাতিজি ও ভাগ্নে ড. মামুন। তবে বাসা থেকে নেওয়া রান্না করা খাবার খালেদার কাছে পৌঁছানোর অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।
গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি দলীয় নেত্রীর সঙ্গে এর আগেও কয়েকবার দেখা করে করেন মির্জা ফখরুল।