শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

খালেদা জিয়া ভালো না থাকলে বাংলাদেশ ভাল থাকে না: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের আত্মমর্যাদার সমার্থক হচ্ছেন খালেদা জিয়া। দেশ ও জনগণের প্রয়োজনে তিনি সব কিছু করেছেন। জনগণের স্বার্থেই তত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়েছিলেন। জনগণের প্রয়োজনে পুনঃনির্বাচন দিয়েছিলেন। আসলে খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশ ভাল থাকে, তিনি ভালো না থাকলে বাংলাদেশ ভাল থাকে না।

আজ রোববার (১৮ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশো’র বল রুমে আয়োজিত মাহফুজ উল্লাহ রচিত ‘খালেদা জিয়া, হার লাইফ, হার স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক বোধগম্যতা এত বেশি যে, কেউ যদি খালেদা জিয়া সম্পর্কে একটা ভাল কথা বলেন, তাহলে ধরেই নেওয়া হয় তিনি বিএনপি। কেউ জিয়াউর রহমানকে ভালবাসলে বঙ্গবন্ধুকে ভালবাসতে পারবেন না। আশ্চর্য মনমানসিকতা নিয়েই আমরা বসবাস করছি। আকাশকে বাদ দিয়ে কি মেঘকে ভালবাসা যায়? যারা মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের সবাইকে মূল্যায়ন করতে সমস্যা কোথায়?’– প্রশ্ন আসিফ নজরুলের।

তিনি বলেন, ‘আমরা শেখ হাসিনার প্রসংশা করতে পারলে, খালেদা জিয়ার প্রসংশা করতে বাধা কোথায়? বাংলাদেশের মতো দেশে খালেদা জিয়াকে নিয়ে বই লিখা খুবই কঠিন। বইটি লেখার মাধ্যমে অসাধারণ একটি সূচনা করেছেন মাহফুজ উল্লাহ। বইয়ে খালেদা জিয়ার ১৫ আগস্টের জন্মদিন নিয়ে কথা আছে। ১৯৯১ সালে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় আসার সময়ই ১৫ আগস্ট জন্মদিন তার জন্মদিনের কথা উল্লেখ আছে। লেখকের দাবি, এতোদিন কেনো এই বিষয় নিয়ে কথা হয়নি। যখন খালেদা জিয়ার কঠিন সময়, তখনই এই বিষয়টি নিয়ে বিতর্ক করা হচ্ছে।

আসিফ নজরুল বলেন, আমার মতে, শুধু বিএনপি নয়, বাংলাদেশের ইতিহাস জানতে এই বই খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংস্কৃতি বুঝতে খালেদা জিয়াকে নিয়ে লেখা বইটি পড়া দরকার।

‘লেখকরা যদি কিছু লিখতে যায়, কেউ বলেন উনি আওয়ামী লীগ, কেউ বলেন উনি বিএনপি। আমাদের মন মানসিকতা এত পোর যে, কোনো লেখক সাহস করে কিছু লিখতে চায় না’– বলেন আসিফ নজরুল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com